কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের একাধিক ক্রিকেটার। ছোট্ট শিশুটির অকালমৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম, রুবেল হোসেন, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী রাব্বিসহ আরও অনেকে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুমিল্লা শহরের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম তার বাবা-মায়ের সঙ্গে কুমিল্লা শহরের কোটবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত। তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে পোস্ট করেছিলেন তার মা।
অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক নেমে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশে। শোক প্রকাশ করে ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি জানান।
মুশফিকুর রহিম অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, যে বয়সে তার হাসি, খেলাধুলা ও স্বপ্ন নিয়ে বেড়ে ওঠার কথা ছিল, সেই বয়সেই তাকে এভাবে চলে যেতে হলো। একই সঙ্গে অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তার আত্মার শান্তি কামনা করেন।
মুশফিক আরও আশা প্রকাশ করেন, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে এবং প্রকৃত সত্য সবার সামনে আসবে। দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।
ইয়াসির আলী চৌধুরী রাব্বি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
অন্যদিকে সাবেক ক্রিকেটার রুবেল হোসেন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, অপরাধী যে-ই হোক, কোনো পরিচয় বা প্রভাব যেন তাকে আইনের আওতা থেকে রক্ষা করতে না পারে।
অপ্রতিমের মৃত্যুতে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন আকবর আলীও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘Justice delayed is justice denied’—এর পাশাপাশি দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অপ্রতিমের স্মরণে আগামী ২০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় গন্ধমতি এলাকার বর্তমান বাসার কাছে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ওই এলাকাতেই তাকে দাফন করা হবে।
ছোট্ট অপ্রতিমের এমন অকালপ্রয়াণে শোকাহত তার পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী এবং দেশের ক্রিকেটাঙ্গন। তার মৃত্যু ঘিরে ওঠা প্রশ্নের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের অপেক্ষায় এখন সবাই।
