মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

এইচএসসি ২০২৫ ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অক্টোবরেই


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অক্টোবর মাসেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একাধিক সূত্র জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর অক্টোবরের মাঝামাঝি কিংবা সর্বোচ্চ ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে।


ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, বর্তমানে খাতা মূল্যায়নের কাজ দ্রুতগতিতে চলছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।


এর আগে, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও সংশ্লিষ্ট পরীক্ষকদের অতিরিক্ত দুই দিন সময় দেওয়া হয়েছে।


পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়সূচি

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। মূল সূচি অনুযায়ী ১৩ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় পরবর্তীতে নতুন তারিখে পরীক্ষা গ্রহণ করা হয় এবং শেষ হয় ১৯ আগস্ট।


পরীক্ষার্থীর সংখ্যা

মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষা দিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

শিক্ষার্থীদের অপেক্ষা

ফল প্রকাশের তারিখ ঘনিয়ে আসায় এখন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলের জন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আরো পড়ুন