২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী গত সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাক্ষরিত একটি চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে জানিয়েছেন।
চিঠিতে জানানো হয়েছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য নিম্নলিখিত সংশোধনগুলো করা হয়েছে:
১. বাংলা (দ্বিতীয়পত্র): বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনাবলির রচনামূলক অংশের অনুবাদ সংক্রান্ত অংশটি বাদ দেওয়া হলো। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর, যা এখন সংবাদ প্রতিবেদন সংক্রান্ত অংশের জন্য ব্যবহার করা হবে।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি): পূর্ববর্তী প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তরের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনী প্রশ্নের ১৫ নম্বরের সাথে যুক্ত করা হয়েছে। ফলে মোট ২৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন থাকবে।
৩. ফিন্যান্স ও ব্যাংকিং: ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে, মোট ১৫টি। পরীক্ষার্থী যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টি প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে পারবে।
এই সংশোধনগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন কাঠামো আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে উপস্থাপিত হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন